মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিয়োগের জন্য ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে তাদের বাছাই করা হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেল কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে প্রার্থীদের নির্বাচন করা হয়।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়ার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে বাছাই প্রক্রিয়া চালানো হলো। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়াগামী ফ্লাইট আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।
এ ছাড়া পর্যটন, উৎপাদন ও সেবাভিত্তিক খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা ও বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তারাও বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


