মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা মান্দালয় বিমানবন্দরে বিদ্রোহীদের আত্মঘাতী ড্রোন হামলার পর এর সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইট সংখ্যার দিক থেকে এটি দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরটির কার্যক্রম দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অসামরিক এই বিমানবন্দরে ছয়টি ‘আত্মঘাতী ড্রোন’ হামলা চালায় সশস্ত্র গণতন্ত্রপন্থী গোষ্ঠী ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ (পিডিএফ)। হামলায় কেউ হতাহত না হলেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণ সামরিক ঘাঁটির বাইরে বড় কোনো শহরে বিদ্রোহীদের হামলার কথা জান্তা সরকারের স্বীকার করার ঘটনা বিরল।
সংবাদমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমানবন্দরের মূল ভবন থেকে কিছুটা দূরে হামলাটি হয়েছে। তবে রবিবার পর্যন্ত কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হতে পারে।
মিয়ানমারের কেন্দ্রে অবস্থিত মান্দালয় বিমানবন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার দাবি, রানওয়েতে নিয়মিত সামরিক যুদ্ধবিমান দেখা যায় এবং এখান থেকেই বিদ্রোহী দমনে বেসামরিক এলাকায় বিমান হামলা চালানো হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, যেখানে এ পর্যন্ত ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।


