বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে মোট ৩ লাখ ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গা অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভাষণ দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ কূটনৈতিক অগ্রগতির তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে মালয়েশিয়ার কার্যকর ও সুচিন্তিত দ্বিপাক্ষিক আলোচনার পরই এই সম্মতি এসেছে। তিনি বলেন,'আগে অনেক পক্ষই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি তুললেও মিয়ানমার রাজি না থাকায় তা সম্ভব হয়নি। তবে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর এবার তারা বাংলাদেশ থেকে ৩ লাখ এবং আমাদের দেশ থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত হয়েছে।'
মতবিনিময় সভায় রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি নিজ দেশে অবস্থানরত শরণার্থীদের আইন-শৃঙ্খলা মেনে চলার বিষয়ে কঠোর বার্তা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, জনসমক্ষে বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্থানীয়দের ব্যবসায় ব্যাঘাত ঘটানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ইতিমধ্যে আইন-শৃঙ্খলা ভঙ্গকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন,'এটি মালয়েশিয়া, এখানে কাউকে জনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না। রোহিঙ্গাদের কঠোরভাবে দেশের আইন মেনে চলতে হবে, অন্যথায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।'

