...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় বিদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সতর্কবার্তা

ইমামুল হোসেন, মালয়েশিয়া
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৪০
Shares
মালয়েশিয়ায় বিদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সতর্কবার্তা

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের ব্যবসায়িক লাইসেন্স ব্যবহার করে বিদেশিদের অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ। এ ধরনের কার্যক্রমে জড়িত ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা হচ্ছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ও সামাজিক ভিজিট পাস (পিএলএস) নিয়ে অবস্থানরত বিদেশিরা দেশটিতে ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

তিনি বলেন, বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া গেলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, ব্যবসায়িক লাইসেন্সের অপব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী চক্র, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং তাদের সহযোগীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় জোরদার করা হবে।

জাকারিয়া শাবান বলেন, অভিবাসন আইন লঙ্ঘন প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারির পাশাপাশি বিদেশি নাগরিক এবং নিয়োগকর্তাদের আইনগত দায়িত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।