কোনো দেশের গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই আসে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাম্প্রতিক অস্থিরতার পেছনে ‘সীমান্তের ওপার থেকে উসকানি’ নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে একই সঙ্গে জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠক হয়েছে। এর সঙ্গে সীমান্তের ওপারের উসকানির সম্পর্ক আছে কি না, জনগণ তা জানতে চায়।
এর জবাবে শফিকুর রহমান বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বোঝাপড়া বলতে স্বরাষ্ট্রমন্ত্রী কার কথা বুঝিয়েছেন, তা স্পষ্ট করা উচিত। এ ধরনের অভিযোগের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যারা অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ড আয়নায় দেখা দরকার। তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, এক ব্যক্তি সারাদিন জামায়াত নিয়ে সকালে এক কথা, রাতে আরেক কথা বলছেন। তার বক্তব্যকে সূত্র ধরে এমন গম্ভীর অভিযোগ তোলা একেবারেই অনুচিত।
সংবাদ সম্মেলনের ভুল ব্যাখ্যার বিষয়ে জামায়াত আমির জানান, ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো কথা বলেননি। সেখানে আওয়ামী লীগের নামও উচ্চারণ করেননি, যার ভিডিও এখনো সংরক্ষিত আছে।
সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট চালাত, আর এখন সরকারি দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করছেন বলে সংসদেই কথা উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানের বিষয়ে তিনি বলেন, দেশে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নেমে এলে বিরোধী দল সবাই মিলে হাততালি দেবে।
বক্তব্যের শেষে ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

