বিরোধী দল জামায়াতে ইসলামীকে হিংসাত্মক পথ এড়িয়ে গঠনমূলক বিরোধিতা ও নিয়মতান্ত্রিক উপায়ে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দেশের প্রথম সারির দৈনিকগুলোর সম্পাদকেরা।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে সেখানে সম্পাদকদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে বলেন, দেশ ও জনগণের স্বার্থে রাজপথে আন্দোলন হলেও তা যেন কোনোভাবেই অসহিষ্ণু বা সহিংস রূপ না নেয়—সম্পাদকদের পক্ষ থেকে সেই পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের ভালো কাজের সমর্থন এবং মন্দ কাজের গঠনমূলক প্রতিবাদের নীতিকে সম্পাদকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
সভায় জামায়াত আমির উল্লেখ করেন, প্রথাগত অন্ধ বিরোধিতার সংস্কৃতি ভেঙে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখছে ১১ দলীয় ঐক্য। তবে উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও সংসদে বিরোধী দলকে পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেবে না জামায়াত। সংসদে এর সুরাহা না হলে দলটি ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দেওয়া জনগণের কাছেই ফিরে যাবে।
মতবিনিময় সভায় সংবাদপত্রের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন, মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।


