গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। জনগণের এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো আপস করবে না।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নই এখন প্রধান অগ্রাধিকার। সংসদ যদি এ বিষয়ে ব্যর্থ হয়, তবে জামায়াত পুনরায় জনগণের কাছে ফিরে যাবে।
জাতীয় রাজনীতিতে নতুন ধারার সূচনার তাগিদ দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী সংঘাতের রাজনীতি এড়িয়ে ইনসাফভিত্তিক সংসদীয় চর্চায় জোর দিচ্ছে। বিরোধী দল মানেই কেবল অন্ধ বিরোধিতা নয়। সরকারের ভালো কাজে সমর্থন এবং জনস্বার্থবিরোধী কাজের গঠনমূলক প্রতিবাদ করাই তাদের নীতি।
তিনি আরও জানান, সম্পাদকরা জামায়াতের এই দায়িত্বশীল ভূমিকাকে রাজনীতির ইতিবাচক বিবর্তন হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, সম্পাদকরা পরামর্শ দিয়েছেন, জনগণের দাবি আদায়ে রাজপথে কর্মসূচি প্রয়োজন হলেও তা যেন কোনোভাবেই অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস পথে না যায়। দেশ ও জনগণের স্বার্থে জামায়াতকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ধারায় অটল থাকার আহ্বান জানিয়েছেন তারা।
গোলাম পরওয়ার বলেন, সম্পাদকদের এই ইতিবাচক মূল্যায়ন জামায়াতে ইসলামীকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।

