...|...|...

রাজনীতি

জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪০
Shares
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্য, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ৫ ও ৬ আগস্ট রাজপথে জোড়া কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক থেকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট (বুধবার) দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ওই দিনই সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে ১১ দলীয় ঐক্য, যেখান থেকে পরবর্তী বৃহত্তর ও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) সারা দেশের সব মহানগর ও জেলা শহরে সংশ্লিষ্ট বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জনগণের উদ্দেশে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান নেতারা।

বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।