...|...|...

বিশ্ব

বিক্ষোভে অংশ নিয়ে ব্যারিকেডে উঠে পড়লেন রাহুল, পরে বোনসহ আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
বিক্ষোভে অংশ নিয়ে ব্যারিকেডে উঠে পড়লেন রাহুল, পরে বোনসহ আটক

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ মিছিল করেছে বিরোধী জোট ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী সংসদ সদস্যরা।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড টপকে ওপরে উঠে পড়েন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় হাতে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন তিনি। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন নেতাও ব্যারিকেডে ওঠেন।

পুলিশ মিছিল আটকে দিলে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে ছিল ‘সেভ ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার। বিক্ষোভকারীরা ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। নির্বাচন কমিশন ও সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

এরপর রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রিয়াঙ্কাকে পুলিশ আটক করে একটি বাসে তোলার পর তিনি সেখান থেকে নেমে আবার রাহুলের সঙ্গে যোগ দেন। পরে দুজনকেই আটক করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

বিক্ষোভের সময় রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের কার্যালয় মাত্র ৫০ মিটার দূরে হলেও তাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। নির্বাচিত জনপ্রতিনিধিরাই যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, যোগ্য ভোটারদের তালিকায় রাখা এবং ভুয়া বা অযোগ্য নাম বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চলছে।