বিএনপি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার অনেক আহত জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এটি সত্য এবং অত্যন্ত দুঃখজনক। আহত জুলাই যোদ্ধারা শুধুমাত্র বিএনপি সম্পৃক্ত হওয়ার কারণে গেজেটভুক্ত করা হয়নি। তাদের প্রাপ্য চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার সোসাইটির স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। যারা বাদ পড়েছেন, তাদের আবেদন পুনরায় নেওয়ার জন্য সীমিত সময়ের জন্য কার্যক্রম চালু করা হবে।
তিনি আরও বলেন, আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রয়োজন ও দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃত্রিম অঙ্গ সংযোজনসহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে। ১৭টি মন্ত্রণালয়কে নিয়ে গঠিত কমিটি কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েল। সাধারণ সম্পাদক শামসুল হক ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি গোলাম রহমান, আমরা জুলাই যোদ্ধার কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।


