বরগুনায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছা. শিউলি বেগম (৪২) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিযোগ করেন।
আদালতে দাখিল করা অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি মো. বারী আজাদ বারেক (৫০), পিতা—মৃত চান মিয়া। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ৯ নম্বর বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকায়। তিনি ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগকারীর দাবি, পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি কৌশলে অভিযোগকারীর ঘরে প্রবেশ করেন। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং পরনের কাপড় ছিঁড়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার বিষয়টি প্রকাশ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি স্বজন ও সাক্ষীদের জানানো হয়। তিনি বরগুনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাক্ষী হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।


