...|...|...

রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের অনুসারীরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ৯:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৯
Shares
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের অনুসারীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, তারা সবাই জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন।

নবযোগদানকারীরা হলেন- কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু।

সভায় বিএনপির নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। তারা নতুন যোগদানকারীদের দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে রাজনীতি করার আহ্বান জানান।