...|...|...

বিশ্ব

বাব আল-মান্দেব পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫০
Shares
বাব আল-মান্দেব পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক অগ্রগতির পর কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)বাব আল-মান্দেব প্রণালীর ক্রমেই অবনতিশীল পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ফ্রান্সের আহ্বানে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ফরাসি কূটনীতিকের বরাতে প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে হুথিদের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বৈঠক আহ্বান করা হয়েছে।

বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত এই প্রণালী ইউরোপ ও এশিয়ার মধ্যে সমুদ্রপথে বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়।

চলতি মাসে নতুন করে সংঘাত শুরুর আগে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই জলপথ দিয়ে পরিচালিত হতো।

এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালীর কাছে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপও রয়েছে।

হুথিদের এই অগ্রগতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।