...|...|...

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৮
Shares
বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্প। ছবি: টাইমস টুডে

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বান্দরবানে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে সেনাবাহিনী।

সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবান শহরের রাজার মাঠে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের যৌথ ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে নারী, শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম ও অ্যালার্জি, গাইনি এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা দিচ্ছেন। দূরবর্তী পাহাড়ি এলাকা থেকে আসা অনেক রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে অনেকের পক্ষেই সময়মতো জেলা শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া জেলা সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্যসেবা পেতেও নানা সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সরফরাজ হায়দার বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, দুই দিনের এই আয়োজনে জেলার কয়েক হাজার মানুষকে চিকিৎসাসেবার আওতায় আনার আশা করা হচ্ছে।