...|...|...

সারাদেশ

বান্দরবান সীমান্তে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
বান্দরবান সীমান্তে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উদ্ধারকৃত ইয়াবা। ছবি: টাইমস টুডে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।

রবিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে তুমব্রু সীমান্তে সতর্ক অবস্থান নেয় ৩৪ বিজিবির সদস্যরা। একপর্যায়ে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো তিনটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো খুলে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।