...|...|...

জাতীয়

বাতিল হলো তিন মাস পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৫
Shares
বাতিল হলো তিন মাস পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের এখন থেকে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রিসভায় এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয়।

সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন দাখিল করা যাবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, এ ব্যবস্থার কারণে ভ্যাট আদায়ের গতি প্রায় ২০ শতাংশ কমে গেছে। রাজস্ব আদায়ের গতি বাড়াতে এনবিআর এ সুবিধা পুনর্বিবেচনার আবেদন জানায়।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর আগের নিয়ম পুনর্বহাল হচ্ছে। অর্থাৎ প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন দাখিল ও প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।