পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামি স্কলার আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রবিবার (১ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।
তিনি জানান, মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২২ নভেম্বর ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সফরকালে ঢাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ঢাকার বাইরেও তার একাধিক কর্মসূচি রয়েছে।
এ সফরে মুফতি তাকি উসমানির সাথে পাকিস্তান থেকে আসছেন দেশটির কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি।
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর সন্ধ্যায় শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুফতি তাকি উসমানি। শিক্ষাসমাপনী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি হাদিসে মুসালসালাতের দরস দেবেন।
এছাড়া ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলনেও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন তিনি। রাজধানীতে হাইয়্যাতুল উলয়া ও বেফাকের উদ্যোগে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তার লেখালেখি ও গবেষণাকর্ম নিয়ে বিশেষ মজলিস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আলেম, লেখক ও সাহিত্যিকরা অংশ নেবেন।
ঢাকার বাইরে মুফতি তাকি উসমানির আরও কয়েকটি কর্মসূচি রাখার পরিকল্পনা রয়েছে। তবে সেগুলোর স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি। কর্মসূচি নির্ধারিত হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সফরের প্রধান সমন্বয়ক মুফতি মিযানুর রহমান সাঈদ।
এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ.-এর আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন মুফতি তাকি উসমানি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাংলাদেশে আসা হয়নি তার। বিভিন্ন সময়ে তাকে দেশে আনার উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তাতে সম্মতি দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারত ও পাকিস্তানের আলেমদের যাতায়াত বেড়েছে। এরই ধারাবাহিকতায় মুফতি তাকি উসমানির এবারের সফরকে ঘিরে প্রস্তুতি চলছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তার বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের সময়সূচি এবং পবিত্র রমজান ঘনিয়ে আসায় শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করা হয়।

