বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রম তদারকিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।
ফলকার তুর্ক বলেন, ‘আমরা বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি ও জবাবদিহির সুপারিশ করা হয়েছিল।
একই সাথে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়, যাতে সংস্থাটি পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সরাসরি তদন্ত চালাতে পারে।


