...|...|...

বিনোদন

বলিউড অভিনেতা মুশতাক খান আর নেই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৯
Shares
বলিউড অভিনেতা মুশতাক খান আর নেই

বলিউডের প্রবীণ অভিনেতা মুশতাক খান আর নেই। দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের অনেক তারকা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি। খবর ইন্ডিয়া টুডের।

১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্‌সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন মুশতাক খান। এরপর চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহী’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ ও ‘স্ত্রী ২’।

বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান মুশতাক খান। বিশেষ করে কমেডি ও পার্শ্বচরিত্রে তার অভিনয় বলিউডে আলাদা জায়গা তৈরি করে নেয়।

মুশতাক খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন অভিনেতা সানি দেওল, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, চলচ্চিত্র নির্মাতা আনিস বাজমি, কৌতুক অভিনেতা সুনীল পালসহ অনেকে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে মুশতাক খান যেসব চলচ্চিত্রে অবদান রেখেছেন, তার জন্য শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।