রাজধানীর বনানীতে বহুতল ভবনের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে আগুনের সূত্রপাত হয়েছে এসি ও কম্পিউটারের সার্ভার থেকে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অফিসের এসি ও কম্পিউটারের সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কতৃপক্ষ।


