স্মার্টফোন ছাড়া এখন যেন এক মুহূর্তও চলা কঠিন। আর ফোন সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ব্যাটারি। কিন্তু প্রতিদিন চার্জ দেওয়ার সময় অজান্তেই এমন কিছু ভুল করেন অনেকে, যা ব্যাটারির কার্যক্ষমতা ও ফোনের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে ফোন চার্জ দেওয়ার সময় করা পাঁচটি সাধারণ ভুল তুলে ধরা হয়েছে। ব্যাটারি ভালো রাখতে কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত, সেগুলো জেনে নেওয়া যাক।
১. দীর্ঘ সময় চার্জে রাখা
আধুনিক স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি পুরোপুরি খালি হয়ে যাওয়া বা দীর্ঘ সময় শতভাগ চার্জ অবস্থায় থাকার জন্য আদর্শ নয়। তাই ফোন পুরো চার্জ হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা চার্জারে লাগিয়ে না রাখার পরামর্শ দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
২. বিছানা বা বালিশের ওপর রেখে চার্জ দেওয়া
চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। কিন্তু বালিশ, কম্বল বা বিছানার ওপর ফোন রেখে চার্জ দিলে তাপ বের হওয়ার সুযোগ কমে যেতে পারে। এতে অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি আগুনের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন পরিষ্কার ও সমতল জায়গায় রাখা ভালো।
৩. নিম্নমানের কেবল ও চার্জার ব্যবহার
চার্জার বা কেবল হারিয়ে গেলে কম দামের যেকোনো বিকল্প কিনে নেওয়ার প্রবণতা রয়েছে অনেকের। কিন্তু নিম্নমানের কেবল ও প্লাগ ঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় ধীরগতিতে চার্জ হতে পারে কিংবা ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাই ফোন নির্মাতার আসল বা নির্ভরযোগ্য ব্র্যান্ডের চার্জিং আনুষঙ্গিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৪. ব্যাটারি সেভিং অ্যাপের ওপর নির্ভর করা
ব্যাটারি বাঁচানোর জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করলেও সেগুলো সবসময় কার্যকর নয়। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনে এ ধরনের অ্যাপের গুরুত্বপূর্ণ সেটিংসে প্রবেশের সুযোগ খুবই সীমিত। অ্যান্ড্রয়েডে তুলনামূলক বেশি অ্যাক্সেস পাওয়া গেলেও অপরিচিত অ্যাপকে ফোনের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশের অনুমতি দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
৫. চার্জ দেওয়ার সময় ভারী কাজ করা
চার্জে থাকা অবস্থায় এইচডি ভিডিও স্ট্রিমিং বা গ্রাফিক্স-নির্ভর গেম খেলার মতো ভারী কাজ করলে ফোনের ওপর বাড়তি চাপ পড়ে এবং তাপমাত্রা বেড়ে যেতে পারে। এতে ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই ফোন চার্জে থাকা অবস্থায় অতিরিক্ত ভারী কাজ না করাই ভালো।
ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে তাই চার্জ দেওয়ার স্থান, চার্জিং আনুষঙ্গিক এবং চার্জের সময় ফোনের ব্যবহার—তিনটি বিষয়েই সতর্ক থাকা জরুরি।


