ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম (৪০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সিডিএম বাসটি লালপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে বর্তমানে দুই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


