...|...|...

ক্যাম্পাস

ফুল ও শিক্ষা উপকরণে রাবির নবীনদের বরণ

রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪২
Shares
ফুল ও শিক্ষা উপকরণে রাবির নবীনদের বরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

নবীনবরণকে ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও এর আশপাশের এলাকা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নির্ধারিত সময় সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টার স্বাগত বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে একজন নবীন শিক্ষার্থী ও একজন অভিভাবক তাঁদের অনুভূতি প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভাপতি অধ্যাপক মামুন আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জগতে নবীন শিক্ষার্থীদের আমি স্বাগত জানাই। তোমরা দুই লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে এখানে পড়ার সুযোগ পেয়েছো। সামনের দিনগুলোতে নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে সাফল্যের ধারা অব্যাহত রাখবে-এটাই আমার প্রত্যাশা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে মনে রাখতে হবে, এই স্বাধীনতা অবাধ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের পরিবারের মতো। তাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও নমনীয় আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার বিষয়ে আমরা ইতোমধ্যে চিন্তা করেছি। আমরা চাই, এই বিশ্ববিদ্যালয় থেকে দেশের সেরা ও যোগ্য মানুষ তৈরি হোক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, যারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা, তারাই আজ আমাদের ক্যাম্পাসে এসেছেন। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যেখানেই যাবেন, সেখানেই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন। আপনাদের সাফল্যের প্রত্যাশা রয়েছে আপনাদের বাবা-মা, আত্মীয়-স্বজন, সমাজ এবং আমাদেরও। সুতরাং আপনারা সবসময় সঠিক পথে চলবেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান না করে আমি যদি দায়িত্ব শেষ করি, তাহলে দ্বিতীয়বার আপনাদের সামনে আসব না। ইনশাআল্লাহ, এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে উঠতে যাচ্ছে।

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সর্বপ্রথম যেকোনো ধরনের মাদককে না বলবে এবং অসৎ সঙ্গ পরিহার করবে। ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংকিং-সংক্রান্ত কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে না।

তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, আমার শিক্ষার্থীদের পেটে পর্যাপ্ত খাওয়ার দেওয়ার জন্য সরকারি কোনো ধরনের সহযোগিতার সুযোগ আছে কি না, বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও নবীন শিক্ষার্থীদের মুগ্ধ করে।