বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর এবার ইংলিশ ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সতীর্থদের ভোটে মর্যাদাপূর্ণ ‘জনি হেইনস ট্রফি’ জিতে নিজের প্রতিভার স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই ফুটবলার।
চলতি সপ্তাহে ইংল্যান্ডের ফুলহামের মটস্পার পার্ক অনুশীলন কেন্দ্রে ফারহানের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট। গত মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই সম্মান অর্জন করেন ১৯ বছর বয়সী উইঙ্গার।
ফুলহামের যুব দলের হয়ে গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে ২১টি ম্যাচ খেলে ১৭টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। গত নভেম্বরে ক্লাবের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন এই তরুণ। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হন তিনি। এবার সতীর্থদের সরাসরি ভোটে সেরার স্বীকৃতি পেলেন।
এই পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান। ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটে তিনি বলেন, ‘সতীর্থদের ভোটে এই পুরস্কার জেতাটা দারুণ ব্যাপার। অনুভূতিটা সত্যিই অনেক ভালো। তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। তারাই মান ধরে রাখতে আমাকে তাড়না দেন, আরও ভালো করার জন্য চাপ দেন এবং প্রতিযোগিতার মধ্যে রাখেন। এসবই আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।’
ফুলহামের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে চলতি মৌসুমে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে ধারে খেলতে গেছেন ফারহান। ন্যাশনাল লিগের দলটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরুর একাদশে মাঠে নেমেছেন তিনি। ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বোরহামউড। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা।
ক্লাব ফুটবলে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফারহান। গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের জাতীয় দলে ডাক পান তিনি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই উইঙ্গার।
জাতীয় দলের হয়ে গোল এবং ইংলিশ ক্লাবের একাডেমিতে বর্ষসেরার স্বীকৃতি দুই অর্জনেই নতুন করে আলোচনায় এসেছেন ফারহান। ১৯ বছর বয়সেই এমন সাফল্য বাংলাদেশের ফুটবলে তার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।


