ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের চ্যালেঞ্জার জাপানের কোজো তাশিমা মনে করেন, নির্বাচনে জয়ের ২০ থেকে ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে তার। ফিফার নেতৃত্ব ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়তে চান তিনি।
রবিবার (৮ নভেম্বর) জাপানের সংবাদমাধ্যম স্পোর্টস নিপ্পনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নির্বাচনী পরিকল্পনা ও জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন তাশিমা। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি তাশিমা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ফিফা সভাপতি পদে লড়তে চাওয়া প্রথম জাপানি প্রার্থী তিনি। ৬৮ বছর বয়সী সাবেক এই জাপানি ফুটবলার ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পরের বছর জেএফএর সভাপতি হন তিনি। ২০২৪ সালে সেই দায়িত্ব ছেড়ে দেন সুনেয়াসু মিয়ামোতোর কাছে।
তাশিমা জানিয়েছেন, এশিয়ার বাইরের কয়েকটি দেশসহ আটটি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করেছেন। তবে এখনো কোনো দেশের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পাননি তিনি। নির্বাচনে প্রার্থী হতে অন্তত পাঁচটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মনোনয়ন প্রয়োজন। সময়ের স্বল্পতার কথা বিবেচনায় নিয়ে অন্তত ছয়টি ফেডারেশনের সমর্থন নিশ্চিত করতে চান তিনি।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। এই নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান ইনফান্তিনো।
এদিকে ফিফার পরিচালনা কাঠামো নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ইনফান্তিনো। গত জুলাইয়ে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বসংশ্লিষ্ট নতুন প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগ ব্যর্থ হয়। তবে গত অক্টোবরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান। ফিফার কয়েকটি কনফেডারেশনের সমর্থনও পেয়েছেন তিনি।
তাশিমা বলেন, ‘যা ভালো, তা ধরে রাখব এবং যা খারাপ, তা পরিবর্তন করব।’ ফিফার সবচেয়ে বড় সমস্যা হিসেবে পরিচালনা কাঠামোর দুর্বলতার কথা উল্লেখ করেন তিনি। নিজের মূলনীতি হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করার কথা জানিয়ে তাশিমা বলেন, ‘এই মুহূর্তে আমার জয়ের সম্ভাবনা ২০ থেকে ৩০ শতাংশ বলে মনে করি। তবে নির্বাচনী প্রচার এগিয়ে যাওয়ার সাথে সাথে আত্মবিশ্বাস ৪০ থেকে ৫০ শতাংশে উন্নীত করতে চাই। আমি সত্যিই ফিফার পরিবর্তন চাই।’
এর আগে গত মাসে সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগা ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। সুইজারল্যান্ডের নাগরিক ভেগা এ লড়াইয়ে ইনফান্তিনোর প্রথম প্রকাশ্যে ঘোষিত প্রতিদ্বন্দ্বী ছিলেন।



