...|...|...

খেলা

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এশিয়ার সমর্থন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এশিয়ার সমর্থন

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপসহ ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলোর আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

টোকিওতে এএফসির এক বৈঠকে ইনফান্তিনোর উপস্থিতিতে তার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনি নতুন মেয়াদের জন্য লড়ছেন, আর আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থনের ব্যাপারে আমাদের পূর্ণ প্রতিশ্রুতির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এ মহাদেশের অনেক সদস্যের সাথেই আমার কথা হয়েছে। আমি আপনার অনুভূতি জানি এবং আমার মনে হয় আপনার প্রতিশ্রুতির বিষয়ও পরিষ্কার। জিয়ান্নির প্রতি আপনাদের সমর্থন অত্যন্ত স্পষ্ট।’

এর আগে গত আগস্টে ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সমালোচনা করেছিল এএফসি। এ বিষয়ে উয়েফা ও কনকাক্যাফও আপত্তি জানিয়েছিল। ওই পরিকল্পনা ঘিরে বিতর্কের কারণে ইনফান্তিনো পদত্যাগের আহ্বানের মুখেও পড়েন। একই সাথে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন হারানোর পরিস্থিতি তৈরি হয়।

অতীতের মতবিরোধের প্রসঙ্গ টেনে শেখ সালমান বলেন, ‘জিয়ান্নি, হ্যাঁ, অতীতে আমাদের কিছু বিষয়ে কথা হয়েছিল। তবে দুটি বিষয়কে এক করে মেলানো ঠিক হবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে...আমরা যখন একসাথে কাজ করি, তখনই ফুটবল সবচেয়ে শক্তিশালী হয়।’

বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার পর গত সপ্তাহে ক্ষমা চান ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন সুইজারল্যান্ডের এই নাগরিক। আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হলে চতুর্থ ও শেষ মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

ইনফান্তিনোর সমালোচনায় ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো সরব থাকলেও এখন পর্যন্ত তার বিপক্ষে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেননি। বিভিন্ন বিতর্কের জেরে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এমন পরিস্থিতিতে এশিয়ার সমর্থন ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।