...|...|...

সারাদেশ

ফজরের নামাজ শেষে মসজিদের সামনেই প্রাণ গেল দুই বৃদ্ধের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
ফজরের নামাজ শেষে মসজিদের সামনেই প্রাণ গেল দুই বৃদ্ধের

ফজরের নামাজ শেষে মসজিদের সামনেই প্রাণ গেল দুই বৃদ্ধের। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে মসজিদের সামনে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হাশেম বেপারী (৭০) নামে আরও এক বৃদ্ধ আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। অপর নিহত কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হাশেম বেপারী জানায়, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কী ঘটেছে, তা আর বলতে পারেননি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।