...|...|...

সারাদেশ

খুলনায় নতুন শিক্ষাবর্ষের বই এসেছে ৪৫ শতাংশ, এখনো বাকি ৫৫ শতাংশ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
খুলনায় নতুন শিক্ষাবর্ষের বই এসেছে ৪৫ শতাংশ, এখনো বাকি ৫৫ শতাংশ

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষ ২০২৭ সালের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে খুলনায়। ইতোমধ্যে খুলনা মন্নুজান মাধ্যমিক বিদ্যালয়ে ৪৩টি মাদ্রাসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য এসব বই বিতরণ করা হচ্ছে।

তবে জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, খুলনায় এখন পর্যন্ত চাহিদার মাত্র ৪৫ শতাংশ পাঠ্যবই পাওয়া গেছে। বাকি ৫৫ শতাংশ বই এখনো সরবরাহ হয়নি। চলতি বছরের ২ নভেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে খুলনা জেলায় মোট ২ লাখ ৫৯ হাজার ২০৯ জন শিক্ষার্থীর জন্য ২৮ লাখ ৬৬ হাজার ৯টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে পাওয়া গেছে ১২ লাখ ৯৪ হাজার ৫২৮টি বই। এখনো বাকি রয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৮১টি বই।

জেলা শিক্ষা অফিসের শ্রেণি ও স্তরভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। তবে মাধ্যমিক স্তরের বাংলা বইয়ে ষষ্ঠ শ্রেণিতে ৪৮ শতাংশ, সপ্তম শ্রেণিতে ৪৯ শতাংশ, অষ্টম শ্রেণিতে ৪৭ শতাংশ এবং নবম শ্রেণিতে ৪৮ শতাংশ বই পাওয়া গেছে।

মাধ্যমিক স্তরের ইংরেজি বইয়ের ক্ষেত্রে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো বই পাওয়া যায়নি। অষ্টম শ্রেণিতে চাহিদার ৮৫ শতাংশ বই এসেছে। নবম শ্রেণির ইংরেজি বই এখনো পাওয়া যায়নি।

দাখিল স্তরের সপ্তম শ্রেণির বাংলা বইয়ের ৭৮ শতাংশ পাওয়া গেলেও ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির কোনো বই এখনো সরবরাহ হয়নি। অন্যদিকে ভোকেশনাল ট্রেড, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল স্তরের বইয়ের প্রাপ্তির হিসাবও শূন্য দেখানো হয়েছে।

জেলা শিক্ষা অফিসের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পাওয়া বইয়ের শতভাগ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে চাহিদার তুলনায় বাকি বইগুলো সরবরাহের অপেক্ষায় রয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে সব বই পৌঁছে দেওয়াই এখন সংশ্লিষ্টদের লক্ষ্য।

খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য খুলনা জেলায় মোট ২৮ লাখ ৬৬ হাজার ৯টি পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৯৪ হাজার ৫২৮টি বই পাওয়া গেছে, যা মোট চাহিদার ৪৫ শতাংশ। 

প্রাপ্ত বইয়ের শতভাগ বিতরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি বইগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ সম্পন্ন করা সম্ভব হবে।