...|...|...

বিশ্ব

প্রেমের ফাঁদে এনভিডিয়া প্রধান, নজরদারি চালানো কে এই চীনা গুপ্তচর নারী?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৯
Shares
প্রেমের ফাঁদে এনভিডিয়া প্রধান, নজরদারি চালানো কে এই চীনা গুপ্তচর নারী?

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে চীনের হয়ে গোপনে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে প্রযুক্তি খাতের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রেমের সম্পর্কের আড়ালে এনভিডিয়া প্রধানের ওপর নজরদারি চালাচ্ছিলেন তিনি। এ ঘটনা ঘিরে আন্তর্জাতিক প্রযুক্তি ও গোয়েন্দা মহলে তৈরি হয়েছে আলোচনা। 

সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবন সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য নেই। তবে জানা গেছে, তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

জেনসেন হুয়াংকে কেন্দ্র করে সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়টি প্রথম সামনে আনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদন অনুযায়ী, চীনা নাগরিক অ্যালিসকে এনভিডিয়া প্রধানের বিষয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিল বেইজিং।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারেন। পাশাপাশি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপশিল্পের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার যোগাযোগ রয়েছে। উন্নত এআই প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতার কারণে এই শিল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিসের পরিচয় অনুসন্ধান করতে গিয়ে চীনের একটি বিনিয়োগ তহবিলসংক্রান্ত তথ্যভান্ডারে তার ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে, তিনি একসময় আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসিতে কাজ করেছেন। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এবং হুনান টিভিতে সাংবাদিকতা করার তথ্যও রয়েছে।

তবে এসব তথ্যের সত্যতা কিংবা জীবনবৃত্তান্তটি কে তৈরি করেছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি। উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগের চেষ্টাও করেছে সংবাদমাধ্যমটি।

গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমে জেনসেন হুয়াং ও অ্যালিসের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর রবিবার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে না পারায় গভীর অনুশোচনা প্রকাশ করেন জেনসেন হুয়াং।

তাদের পরিচয় ও ঘনিষ্ঠতার বিভিন্ন মুহূর্তও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে প্রযুক্তি খাতের একটি অনুষ্ঠানের পার্টিতে তোলা ছবি লিংকডইনে প্রকাশ করা হয়েছিল। সেখানে চামড়ার জ্যাকেট পরা জেনসেন হুয়াংয়ের পাশে লম্বা চুল ও আকর্ষণীয় গয়না পরিহিত এক নারীকে দেখা যায়। ওই নারী অ্যালিস হুয়াং বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে তাইওয়ানের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্স চলাকালে তাইপের একটি চীনা রেস্তোরাঁয় আয়োজিত নৈশভোজেও তাঁদের একসাথে দেখা যায়। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন জেনসেন হুয়াং নিজেই।

সেদিন রেস্তোরাঁর বাইরে অবস্থানরত সাংবাদিকেরা কাচের জানালা ও দরজা দিয়ে ভেতরের দৃশ্য ধারণ করেন। প্রকাশিত ভিডিও ও সরাসরি সম্প্রচারে দেখা যায়, গোলাপি পোশাক পরা অ্যালিস অন্য অতিথিদের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে জেনসেন তার কাঁধে হাত রাখলে অ্যালিস তার ডান গালে চুমু দেন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলে জেনসেন রেস্তোরাঁয় ফিরে যাওয়ার সময় অ্যালিসও তার পেছনে যান। এ সময় তাকে জেনসেনের পিঠের নিচের অংশে হাত বুলিয়ে দিতে দেখা যায়। অনুষ্ঠান শেষে দুজন একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

মার্কিন গোয়েন্দাদের সন্দেহ ও মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত

দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন কর্মকর্তারা ধারণা করেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই জেনসেন হুয়াংয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন অ্যালিস।

সে সময় তিনি মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন শীর্ষ নির্বাহী ছিলেন। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে মেগাস্পিডকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউডভিত্তিক কম্পিউটিং সেবার অন্যতম প্রধান ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

লিংকডইনের তথ্য অনুযায়ী, মেগাস্পিডের কার্যালয় রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। প্রতিষ্ঠানটিতে কর্মীর সংখ্যা দুই থেকে ১০ জন এবং সংশ্লিষ্ট সদস্যের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে কিছু অসংগতিও সামনে এসেছে। এএফপির সাংবাদিকেরা মেগাস্পিডের ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্তের ব্যক্তি প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, নম্বরটি একটি আবাসিক টেলিফোনের।

সিঙ্গাপুর সরকারের নিবন্ধনসংক্রান্ত তথ্য বলছে, মেগাস্পিডের আগের নাম ছিল সেভেনরোড ইন্টারন্যাশনাল। এর সাথে চীনের গেমিং প্রতিষ্ঠান সেভেনরোডের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এনভিডিয়ার অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ চীনে রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত প্রতিযোগিতায় নিজেদের অগ্রাধিকার ধরে রাখাও ওয়াশিংটনের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রম তদন্তের আওতায় রেখেছিল মার্কিন সরকার। বিশেষ করে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার উন্নত চিপ চীনে সরবরাহের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কি না, তা যাচাই করছিলেন তদন্তকারীরা।

শুধু যুক্তরাষ্ট্র নয়, সিঙ্গাপুরের কর্তৃপক্ষও মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেন সিঙ্গাপুরের কর্মকর্তারা।

তবে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে উত্থাপিত গুপ্তচরবৃত্তির অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোকে এখনও তদন্ত ও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বিবেচনা করতে হচ্ছে।