একশ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডধারীদের জন্য রবিবার (২ আগস্ট) অপেক্ষার দিন। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজ বন্ডের ১২৪তম ড্র, যেখানে প্রতি সিরিজে থাকছে মোট ৪৬টি পুরস্কার। সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদফতরের প্রকাশিত বিবরণীতে তথ্যটি জানানো হয়।
বিবরণীতে বলা হয়, সিঙ্গল কমন ড্র পদ্ধতিতে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে এই ড্রয়ে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার রয়েছে।
ড্রয়ের ফল সোমবার (৩ আগস্ট) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
নিয়মিত প্রাইজ বন্ডের ফলাফল মিলিয়ে দেখা অনেকের জন্যই সময়সাপেক্ষ ব্যাপার হওয়ায় ড্রয়ের খামটি ড্রয়ারেই পড়ে থাকে। ফলে অনেকের পক্ষেই জানা সম্ভব হয় না যে তাদের সংগ্রহে থাকা বন্ডে কোনো পুরস্কার রয়েছে কি না। তাছাড়া ড্রয়ের ফলাফল প্রকাশের পর দুই বছর বা ৮টি ড্র পর্যন্ত পুরস্কার দাবি করার নিয়ম থাকলেও এতগুলো ফলাফল খুঁজে বের করে যাচাই করা বেশ কষ্টসাধ্য।
এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রাইজবন্ডের ‘ড্র’ ফলাফল অনুসন্ধান সফটওয়্যার এবং অ্যানড্রয়েড মোবাইল অ্যাপ (PBRIS) চালু করেছে। https://prizebond.ird.gov.bd/ ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে খুব সহজেই ফলাফল জানা যাবে।
এই সিস্টেমে দুইভাবে ফলাফল খোঁজা যায়; প্রথমত, সার্চ বক্সে সরাসরি নম্বর (সিরিজ ছাড়া) বাংলা বা ইংরেজিতে লিখে (একাধিক নম্বরের ক্ষেত্রে কমা এবং ধারাবাহিক নম্বরের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করে) এবং দ্বিতীয়ত, মাইক্রোসফট এক্সেল ফাইলের কলামে নম্বরগুলো ইংরেজিতে লিখে সফটওয়্যারে আপলোড করে।
এই সফটওয়্যারে অনুসন্ধানের তারিখ থেকে পূর্ববর্তী দুই বছরের মধ্যে প্রকাশিত সব ফলাফলের সাথে বন্ডের নম্বর মিলে গেলে তা সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠবে।
পাশাপাশি এখান থেকেই পুরস্কারের টাকার দাবি ফরম ডাউনলোড করা, গুরুত্বপূর্ণ তথ্য জানা এবং ফ্রি ই-মেইল সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রতি তিন মাস পরপর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) স্বয়ংক্রিয়ভাবে ফলাফল ই-মেইলে জেনে নেওয়ার সুযোগ রয়েছে।



