...|...|...

জাতীয়

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজ ব্যক্তি যতই প্রভাবশালী হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সততা ও সাহসের সাথে দায়িত্ব পালনেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

প্রতিনিধিদলে ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সামগ্রিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সাথে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অনিয়ম, অপশাসন ও জবাবদিহির ঘাটতির কারণে দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যায় পরিণত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর দেশের অগ্রগতি এবং ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি দুদককে নিরপেক্ষতা বজায় রেখে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। বিশেষ করে গুরুতর ও বড় ধরনের দুর্নীতির অভিযোগ দ্রুত অনুসন্ধান করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

এ ছাড়া দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মামলা আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। মামলার দীর্ঘসূত্রতা কমাতেও দুদককে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে দুদকের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।