...|...|...

বিশ্ব

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৭
Shares
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিলি

ছবি: সংগৃহীত

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। রবিবার (১ নভেম্বর) বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মধ্য দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ।

সমাবেশে রাহুল গান্ধী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া মানে নাগরিকদের কণ্ঠস্বর কেড়ে নেওয়া। তাঁর দাবি, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য হুমকি।

বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটিরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এতে মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, এই প্রক্রিয়ায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে।

তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের ভাষ্য, ভোটার তালিকা হালনাগাদ, একই ব্যক্তির একাধিক নিবন্ধন এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধন করা হয়েছে। ভুলবশত যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।

অন্যদিকে, ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের এই বিক্ষোভকে ‘সুপরিকল্পিত নাটক’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, গণতন্ত্রের নামে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সেপ্টেম্বরের শেষ দিক থেকে বিরোধী দল, ছাত্র সংগঠন ও তরুণদের বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। রবিবারের বিক্ষোভও সেই আন্দোলনের অংশ।