প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সভায় নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়।
সভায় আলোচনার জন্য ওঠা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে নেওয়া দুটি প্রকল্পে। ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে প্রকল্প দুটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা।
প্রকল্প দুটির মাধ্যমে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কাজের মাধ্যমে বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা মোট ২ হাজার ৬৮১ এমভিএ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রকল্প দুটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এ প্রকল্পে সরকারের অর্থায়ন থাকবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা। এডিবি থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে। বাকি ১ হাজার ১৮৩ কোটি টাকা দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিজস্ব তহবিল থেকে।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন থাকবে ১ হাজার ২৮২ কোটি টাকা। এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ২০৭ কোটি টাকা।


