...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরাসরি প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকায় এমন ঘটনা ঘটানোর দুঃসাহস কাদের হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লেখেন, ‘রাতের আঁধারে আমাদের রাজপথের সহযোদ্ধা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে। চাঁদা না দেওয়া বা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এতে। খোদ প্রধানমন্ত্রীর আসনে এমন চাঁদাবাজি ও সম্পত্তি দখলের দুঃসাহস কাদের হতে পারে?’

কোনো স্থাপনা নিয়ে বিরোধ থাকলে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ ছিল উল্লেখ করে ক্ষমতাসীন দলের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আইন না মেনে সারা দেশে শাসক গোষ্ঠীর এমন উন্মত্ত আচরণ মোটেই ভালো ইঙ্গিত দেয় না। এ ছাড়া গত ৫ আগস্টের পর থেকেই সারা দেশে বিএনপি চাঁদাবাজি ও দখলদারির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলে এর থেকে দেশবাসীকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক পাওয়া যায়নি। নিউ গিনি প্রপার্টিজের সাথে পাশের জমির মালিকের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। উল্লেখ্য, বনানী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।