...|...|...

রাজনীতি

প্রথম নির্বাচনী লড়াইয়ে মির্জা ফখরুলের মার্কা ছিল সাইকেল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, দুপুর ২:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৩
Shares
প্রথম নির্বাচনী লড়াইয়ে মির্জা ফখরুলের মার্কা ছিল সাইকেল

গ্রাফিক্স: টাইমস টুডে

রাজনীতির দীর্ঘ পথচলায় নিজের শুরুর দিনগুলোর স্মৃতিতে ফিরে গেলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনের আন্দোলন থেকে শুরু করে তৃণমূলের রাজনীতিতে পা রাখার সেই সময়ের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে মির্জা ফখরুল জানান, রাজনীতিতে তার পথচলা শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই। ১৯৬৯ সালের আন্দোলনে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি স্বাধীনতার পরও তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন। পরিবারের রাজনৈতিক পরিচয় থাকলেও নিজের পরিচয় ও অবস্থান নিজ যোগ্যতায় তৈরি করতে চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পুরোনো দিনের একটি স্মৃতি মনে করিয়ে দিয়ে বিএনপির সাবেক এই নেতা লেখেন, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের একটি স্ট্যাটাস দেখে তার সেই সময়ের কথা মনে পড়ে যায়। সরকারি চাকরি ছেড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।

তিনি জানান, ১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে তিনি সাইকেল প্রতীকে নির্বাচন করেছিলেন এবং জনগণের ভালোবাসায় বিপুল ভোটে জয় লাভ করেছিলেন।

স্মৃতিচারণে মির্জা ফখরুল বলেন, রাজনীতির সেই শুরুর দিনগুলোতে মানুষের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করাই ছিল তার মূল শক্তি। পুরোনো সেই সময়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ওয়াহিদকে ধন্যবাদও জানান তিনি।

একসময় নির্বাচনী মাঠে যে ‘সাইকেল’ ছিল তার পরিচয়ের প্রতীক, আজ সেই স্মৃতিই হয়ে উঠেছে তার রাজনৈতিক জীবনের এক আবেগঘন অধ্যায়।