জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। নির্বাচিত হলে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়বেন তিনি।
রবিবার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে এক নৈশভোজে আইগনারকে প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানান মের্জ। ইলসে আইগনার বাভারিয়াভিত্তিক রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের সদস্য। দলটি সিডিইউর দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র।
সোমবার (৯ নভেম্বর) সিডিইউ ও সিএসইউর যৌথ বৈঠকে আইগনারের মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে।
জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সরাসরি জনগণের ভোটে নয়, বরং ফেডারেল কনভেনশন নামে একটি বিশেষ নির্বাচনী সংস্থার মাধ্যমে। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের উদ্দেশ্যে গঠিত এই সংস্থায় ফেডারেল পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছর মেয়াদি দুই দফায় দায়িত্ব পালনের পর ২০২৭ সালের মার্চে তার মেয়াদ শেষ হবে।
জার্মানির শাসনব্যবস্থায় প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক ও সাংবিধানিক। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি আইন অনুমোদন, মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একই সাথে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখেন।
এদিকে ইলসে আইগনারকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দুই মিত্র দলের মধ্যে আগে কিছুটা মতবিরোধ দেখা দিয়েছিল। চলতি বছরের শুরুতেই তার নাম প্রস্তাব করে সিএসইউ। তবে চ্যান্সেলর মের্জ প্রথমে অন্য একজনকে প্রার্থী করার কথা বিবেচনা করায় সিডিইউর সমর্থন পেতে বিলম্ব হয়। এ নিয়ে দুই দলের সম্পর্কে সাময়িক টানাপোড়েনও তৈরি হয়।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ইলসে আইগনারের রাজনীতিতে পথচলা শুরু স্থানীয় পর্যায় থেকে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি।
পরবর্তী সময়ে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আইগনার। এরপর কেন্দ্রীয় রাজনীতি ছেড়ে বাভারিয়ার রাজনীতিতে ফিরে আসেন। ২০১৮ সালে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।
এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পাবেন ইলসে আইগনার।


