...|...|...

জাতীয়

প্রতিমন্ত্রী শাহে আলম কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রশ্ন টিআইবির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
প্রতিমন্ত্রী শাহে আলম কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রশ্ন টিআইবির

ছবি: সংগৃহীত

ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষ হিসেবে গণ্য হবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের আচরণবিধি ও দুর্নীতিসংক্রান্ত আইনে উপহার গ্রহণের ওপর বিধিনিষেধ থাকার কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিমন্ত্রীর এ বক্তব্য ঘুষ গ্রহণকে উৎসাহিত করতে পারে। বিষয়টি নিয়ে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কাজের গুণগত মান নিয়েও কথা বলেন তিনি। এলজিইডির কাজ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে উল্লেখ করে প্রকৌশলীদের কাজের মান উন্নত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তবে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়ে তার মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, সরকারি দায়িত্ব পালনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে উপহার গ্রহণের সুযোগ আদৌ আইনে রয়েছে কি না। বিশেষজ্ঞদের মতে, উপহার ও ঘুষের মধ্যে পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে উপহার দেওয়ার উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির দাফতরিক দায়িত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান, ব্যয় এবং ঠিকাদারদের সাথে প্রকৌশলীদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে এলজিইডির বিভিন্ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ ও আর্থিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। অন্যান্য সরকারি দফতরের প্রকৌশলীদের বিরুদ্ধেও ঘুষ গ্রহণ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিভিন্ন সময়ে অনুসন্ধান ও তদন্ত করতেও দেখা গেছে।

আইনে কী বলা আছে

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের বিষয়ে বিদ্যমান বিধিমালায় স্পষ্ট বিধিনিষেধ রয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী নিকটাত্মীয় বা ব্যক্তিগত বন্ধু ছাড়া অন্য কারও কাছ থেকে উপহার গ্রহণ করতে পারেন না। একইভাবে তার পরিবারের কোনো সদস্য বা তার পক্ষে অন্য কাউকে উপহার গ্রহণের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

বিধিমালায় বিদেশি পুরস্কার, পদবী বা উপাধি গ্রহণের বিষয়েও রাষ্ট্রপতির অনুমোদনের শর্ত রয়েছে। এ ছাড়া আড়াই লাখ টাকার বেশি মূল্যের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় কিংবা অন্য কোনো উপায়ে হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিভাগীয় প্রধান বা সরকারের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে।

আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করলে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিআইবি বলছে, এই বিধান কিংবা সরকারি কর্মচারীদের আচরণবিধির কোনোটি দিয়েই দাফতরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয় না।

দণ্ডবিধিতে ঘুষ ও উৎকোচের ব্যাখ্যা

দণ্ডবিধি, ১৮৬০ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-সহ বিভিন্ন আইনে সরকারি দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত অবৈধ সুবিধা গ্রহণের বিষয়ে বিধান রয়েছে। দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারার প্রসঙ্গ তুলে আইনজীবীরা বলছেন, সরকারি কর্মচারীর বৈধ পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ এবং দাফতরিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু নেওয়ার বিষয়টি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

দণ্ডবিধির ১৬১ ধারায় ‘গ্রাটিফিকেশন’ বা উৎকোচের ব্যাখ্যায় শুধু নগদ অর্থ নয়, আর্থিক সুবিধা কিংবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় এমন সুবিধাও বিবেচনায় নেওয়া হয়েছে। এ ধারায় সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের বিনিময়ে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

ধারাটিতে কয়েকটি উদাহরণও রয়েছে। যেমন, কোনো বিচারক একটি মামলার রায় দেওয়ার পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকে নিজের ভাইয়ের চাকরির ব্যবস্থা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আবার বিদেশে বাংলাদেশের কনসাল হিসেবে দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি ওই দেশের মন্ত্রীর কাছ থেকে সরকারি দায়িত্ব পালনে অনুকূল মনোভাব দেখানোর পুরস্কার হিসেবে অর্থ গ্রহণ করলেও তা অপরাধের পর্যায়ে পড়বে। একইভাবে সরকারের ওপর প্রভাব খাটিয়ে কাউকে কোনো খেতাব বা উপাধি পাইয়ে দেওয়ার দাবি করে তার বিনিময়ে অর্থ গ্রহণের বিষয়টিও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দণ্ডবিধির ১৬৫ ধারায় দাফতরিক কাজে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে কিংবা অপর্যাপ্ত প্রতিদান জেনেও মূল্যবান বস্তু গ্রহণের বিষয়টি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধানের কথা উল্লেখ রয়েছে।

আইনজীবীদের মতে, ঘুষ বা অবৈধ সুবিধা শুধু নগদ অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয়। দামি উপহার, মূল্যবান সামগ্রী কিংবা অন্য কোনো আর্থিক সুবিধাও পরিস্থিতি ও উদ্দেশ্য বিবেচনায় দুর্নীতির আওতায় আসতে পারে।

প্রতিমন্ত্রীর বক্তব্যে টিআইবির উদ্বেগ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেছেন, এ বক্তব্য সরকারি কর্মচারীদের আচরণবিধি ও ক্রয়সংক্রান্ত নীতিমালার সাথে সাংঘর্ষিক। তার মতে, ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার সুযোগ তৈরি হলে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।

বিবিসি বাংলাকে তিনি বলেন, তার এ বক্তব্য প্রত্যাহার করা উচিত এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না এবং সরকারেরও উচিত এই বিষয়টি সরকারের অবস্থান কিনা সে বিষয়টি পরিষ্কার করা।

তিনি আরও বলেন, এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে।

টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতেও জানিয়েছে, সরকারি কর্মচারীদের আচরণবিধি ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার কোনো বিধানই ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অনুমতি দেয় না।

আইনবিরুদ্ধ বক্তব্য বলছেন সাবেক সচিবও

সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খানও প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, ঠিকাদারদের কাছ থেকে উপহার নেওয়া বেআইনি, এটা কখনোই হতে পারে না। তিনি যেভাবে কথাটি বলেছেন, সেটি আমাদের আইনবিরুদ্ধ কথা হয়ে গেছে।

সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী, একজন কর্মচারীর কর্মস্থলে তার আত্মীয়-স্বজনের কাজ করা কিংবা ঠিকাদার হিসেবে যুক্ত থাকার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে জানান তিনি।