...|...|...

জাতীয়

পোশাক কারখানা চালু রেখে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:১৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৭
Shares
পোশাক কারখানা চালু রেখে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সাথে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষের কারণ ও পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিকদের চলমান আন্দোলন, এর পেছনের কারণ এবং সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। আন্দোলনের প্রভাবে এসব এলাকার পাঁচ শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। অন্যদিকে, গাজীপুরে ছুটি ঘোষণা করা হয় শতাধিক কারখানায়।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।