তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। এতে শ্রমিক ও মালিকপক্ষের জমা দেওয়া মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং নতুন মজুরি কাঠামো নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।
দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের সভার নোটিশ অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


