...|...|...

সারাদেশ

পুলিশের মানসম্মান-ইজ্জত আবার ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০০
Shares
পুলিশের মানসম্মান-ইজ্জত আবার ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফিরিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। 

তিনি বলেন, একটা পুলিশের আইজি যখন অপরাধ করে পালিয়ে বেড়ায় তখন ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশালের সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপনকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে ঢেলে সাজাতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটা বাহিনী বানিয়েছিল। পুলিশের গায়ে তারা গুম, খুন ও দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজিরের মতো লোক আজকে পালিয়ে বেড়ায়।

তিনি আরও বলেন, দেশের আমলাতন্ত্রকে তারা দখল করেছিল, দলবাজ বানিয়ে ফেলেছিল এইচ টি ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংকগুলোয় তারা ডাকাতি করেছে। আমরা সেই ব্যাংকগুলোকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা নিরাপদ ও প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে ঋণ নেয় সেই ব্যবস্থা করছি।

তিনি বলেন, শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা তারা নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই শেয়ার বাজারকে আবার নতুন করে আস্থাবান বাজারে পরিণত করছি, যাতে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করে এবং সেই টাকা দেশের অর্থনীতিতে কাজে দেয়।

উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং দেশের উৎপাদন বাড়াতে পারি তাহলে খাদ্য রফতানির পর্যায়ে আমরা আরও উন্নত হতে পারব।