চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের একটি টহল ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শফিক ও রানা নামে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌধুরীহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পুলিশের একটি টহল ভ্যান চট্টগ্রামমুখী মহাসড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় হঠাৎ একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে সেটিতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চৌধুরীহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশ ভ্যানে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


