...|...|...

সারাদেশ

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা ও তার বোন ৪ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৪
Shares
পিচ্চি রাজা পালানোর ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা ও তার বোন ৪ দিনের রিমান্ডে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজা পালানোর ঘটনায় গ্রেফতার তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া তিনজনের মধ্যে রয়েছেন পিচ্চি রাজার বোন তাসলিমা এবং দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার (৬ অক্টোবর)  সকালে গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জুবায়ের রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন,পিচ্চি রাজার বোন তাসলিমা, প্রিজন ভ্যানের স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

পুলিশের অভিযোগ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের ভূমিকা রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক রাজাকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে রিমান্ড আবেদন করা হয়।

এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান গ্রেফতার তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ‘পিচ্চি রাজা’কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।