নারী যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালুকৃত ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে প্রিন্ট করা ই-টিকিট নিতে পারবেন যাত্রীরা।
রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সহজ’ এই তথ্যের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী ১৪টি পিংক বাসে এই ডিজিটাল টিকিট সেবা শুরু হয়েছে।
নতুন এই ব্যবস্থার জন্য যাত্রীদের আগে থেকে অ্যাপ বা ওয়েবসাইটে টিকিট কাটতে হবে না। বাসে উঠেই গন্তব্য জানিয়ে কন্ডাক্টরের পিওএস মেশিন থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ফলে প্রচলিত হস্তলিখিত কাগজের টিকিটের পরিবর্তে দ্রুত ও আধুনিক উপায়ে ভাড়া পরিশোধের তথ্য নথিভুক্ত থাকবে।
প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে পিংক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এর মধ্যে ঢাকা ও আশপাশের বিভিন্ন রুটে চলছে ১০টি বাস। চট্টগ্রাম ও বগুড়ায় রয়েছে দুটি করে বাস।
ঢাকা ও আশপাশের রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, নারায়ণগঞ্জ-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর।
চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে পিংক বাস চলছে। এ পথে বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, টাইগারপাস, আগ্রাবাদ ও ফ্রি পোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। বগুড়ায় পিংক বাসের সেবা রয়েছে শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী হয়ে শহরের বিভিন্ন এলাকায়।


