...|...|...

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪
Shares
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই পরিবারের মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৪) এবং প্রাইভেটকারের চালক সোহেল (২৫)।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় প্রাইভেটকারের নিহত চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে এবং প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাওয়ার সময় গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।