...|...|...

রাজশাহী

পাবনায় ট্রাফিক পুলিশের অভিযানে ২০ যানবাহন জব্দ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:০০
Shares
পাবনায় ট্রাফিক পুলিশের অভিযানে ২০ যানবাহন জব্দ

ফুটপাতে অবৈধভাবে পার্ক করে রাখা মোটরসাইকেল জব্দ করে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ। বুধবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে। ছবি: টাইমস টুডে

পাবনা শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত মোটরসাইকেলসহ ২০টি বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় সড়কের ওপর অবৈধভাবে পার্ক করে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সদাকাতুল বারী বলেন, পাবনা শহরের প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরের যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে আগামী দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আরিফুল ইসলাম, সার্জেন্ট শ্যামল এক্কা, টিএসআই আব্দুল বারেকসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

এদিকে ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ পথচারীরা।

শরিফুল ইসলাম ও আরিফ আহমেদ নামে দুই পথচারী বলেন, বেপরোয়া গাড়ি চালানো, কাগজপত্রহীন যানবাহন এবং যত্রতত্র অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত কঠোর ব্যবস্থা নেওয়া হলে পাবনা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।