...|...|...

চট্টগ্রাম

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১২
Shares
ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। ছবি: টাইমস টুডে

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার খাজুরিয়া বাজার, ভাটিয়ালপুর, পূর্ব গুলিসা ও পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন-খাজুরিয়া বাজার এলাকা থেকে আটক মো. হোসেন (২২), তাকে ৯০ দিনের কারাদণ্ড; ভাটিয়ালপুর এলাকা থেকে আটক এমরান শেখ (৪৪), ২০ দিন এবং মো. সফিক (৪০), ৩০ দিনের কারাদণ্ড; পূর্ব গুলিসা এলাকা থেকে আটক মো. মিরাজ শেখ (২৩), ৬০ দিনের কারাদণ্ড এবং পূর্ব গোবিন্দপুর এলাকা থেকে আটক শরিফ খান (২৭), ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।