...|...|...

আইন ও আদালত

পুলিশকে আখতারুজ্জামানের ধমক, বললেন ‘আমাকে ধরবেন না’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৬
Shares
পুলিশকে আখতারুজ্জামানের ধমক, বললেন ‘আমাকে ধরবেন না’

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যানের ভেতরে এক পুলিশ সদস্যকে ধমক দিয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে হাতকড়া পরিয়ে প্রিজনভ্যানে করে আখতারুজ্জামানকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রিজনভ্যানের ভেতরে হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ তাকে আদালতে যাওয়ার জন্য বললে তিনি তাকে ধমক দিয়ে বলেন, আমাকে ধরবেন না। ডোন্ট টাচ মি।

প্রিজনভ্যান থেকে নামার সময় আখতারুজ্জামান নিজের মাথার হেলমেট ছুড়ে ফেলে বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’

পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে তোলা হয়। এ সময় বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে কোনো পুলিশ থাকবে না।’ এরপর বাড়তি পুলিশ সদস্যদের এজলাস থেকে বের করে আদালতের গেটে রাখা হয়।

প্রিজনভ্যানের ভেতরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিএমএম কোর্টের হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, প্রিজনভ্যান কোর্টের সামনে আসলে আমি উনাকে সুন্দর করে বলেছিলাম, স্যার চলেন আদালতে। তখন তিনি আমাকে না ধরতে বলেন। এরপর আমি আর কিছু বলিনি।

আদালতে শুনানির সময় আখতারুজ্জামান আরও বলেন, ‘আমরা বিভিন্ন এমপিসহ পরিবার নিয়ে ৭০ জন, ৮টা দেশ ঘুরেছি। সেসব দেশের বিমানবন্দরে বাংলাদেশের মতো এমন অব্যবস্থাপনা দেখি নি। তাই আমি ওসব কথা বলেছি।’

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, বিমানবন্দরে তার আচরণ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধনে ছিল কি না, তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ অন্য আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের জন্য জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দরের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাটি হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়।