...|...|...

বিশ্ব

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির কে এই মাওলানা আহমদ বাটলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৪
Shares
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির কে এই মাওলানা আহমদ বাটলা

ছবি: সংগৃহীত

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সংগঠনটির সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তার মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির মনোনীত করা হয়।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

দাওয়াত ও তাবলিগের কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও হাদিসের পাঠদানে তার ভূমিকা রয়েছে। তার বয়ানে দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। সহজ ভাষায় বক্তব্য দেওয়ার জন্যও তিনি পরিচিত।

পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তার অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয়। সে সময় মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পান। দীর্ঘদিন ওই দায়িত্ব পালনের পর এবার সংগঠনটির আমির হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ান করেন তিনি। ওই বয়ানে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের দাওয়াতি মিশন অনুসরণ এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা ও রায়বেন্ড মারকাজের সাথে সম্পৃক্ততার কারণে তার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।