...|...|...

বিশ্ব

পাকিস্তানে সাত মাস ধরে আটক ৬ ভারতীয় নাবিক, সহায়তা চায় দিল্লি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৯
Shares
পাকিস্তানে সাত মাস ধরে আটক ৬ ভারতীয় নাবিক, সহায়তা চায় দিল্লি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি বন্দরে প্রায় ৭ মাস ধরে আটকে রয়েছেন ছয় ভারতীয় নাবিক। তাদের দ্রুত দেশে ফেরাতে ইসলামাবাদের সহায়তা চেয়েছে নয়াদিল্লি।

শনিবার (১৪ নভেম্বর) হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়, আটকে পড়া নাবিকদের মধ্যে রয়েছেন ভারতীয় মার্চেন্ট নেভির এক চিফ অফিসারও। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আসছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিয়োগকারী শিপিং কোম্পানি ও সংস্থার এজেন্টের সঙ্গেও কথা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের কাছে কনস্যুলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

তবে এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি মূলত সংশ্লিষ্ট জাহাজের মালিক সংস্থা এবং কর্মীদের মধ্যে একটি বাণিজ্যিক বিবাদ। নাবিকেরা ইচ্ছামতো জাহাজ ছেড়ে চলে যেতে পারেন না। তাদের পরিবর্তে নতুন কর্মীদের জাহাজে পাঠাতে হবে। নতুন ক্রু সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পরেই পুরোনো কর্মীদের জাহাজ থেকে নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই ব্যবস্থা করতে না পারায় আটকে রয়েছেন ছয় ভারতীয়।