...|...|...

বিশ্ব

পশ্চিম তীরের ইসরায়েলি দখলদারদের পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
পশ্চিম তীরের ইসরায়েলি দখলদারদের পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। আজই এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হবে, জানতে চাইলে টাইমস রেডিওকে ম্যাকফ্যাডেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পরে সংসদে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

তিনি বলেন, যুক্তরাজ্যসহ আরও অনেক দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট হতে দেখতে চায় না। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে এই সমাধানের পথে অন্যতম বাধা হিসেবে দেখা হচ্ছে।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্য তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে। দেশটির নতুন নেতৃত্বও বিষয়টিকে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে।

এর আগে দুই মাস আগে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে লেবার পার্টির প্রাথমিক অবস্থানের জন্য ক্ষমা চান বার্নহ্যাম। তখন তিনি স্বীকার করেন, “আমরা ভুল করেছিলাম।”

যুক্তরাজ্যের নতুন পদক্ষেপকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ও সেখানে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে দেশটির নীতিগত অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।